৩৯
শহিদুল ইসলাম শহিদ ,সাতক্ষীরা : সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ৪ আগস্ট দুপুর দেড়টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল ৩টার দিকে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সাতক্ষীরা স্টেশনের কর্মকর্তা সাইফুজ্জামান।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ভবনের গ্রাউন্ড ফ্লোরে থাকা অক্সিজেন লাইনের একটি অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাইপলাইনের মাধ্যমে ধোঁয়া দ্রুত ভবনের ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। এতে হাসপাতালের রোগী, স্বজন ও কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ১০ তলা ভবনের ১০০ শয্যার এ হাসপাতালে ঘটনাকালে ৬০ থেকে ৬৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এছাড়া রোগীদের স্বজনসহ শতাধিক মানুষ ভবনের ভেতরে অবস্থান করছিলেন। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবিও সহায়তা করে। উদ্ধার অভিযানের সময় কয়েকজন ফায়ার সার্ভিস সদস্য অসুস্থ হয়ে পড়েন। তবে দ্রুত অভিযান পরিচালনা করে হাসপাতালে থাকা সব রোগী ও স্বজনদেরকে নিরাপদে বের করে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুজ্জামান জানান, ছয়টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান। এ সময় সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি মোঃ হাবিবুল ইসলাম হাবিব প্রোগ্রাম শেষে অফিসে যাওয়ার পথে ব্লিজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা দেখে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনকে অবহতি করেন। তিনি উপস্থিত থেকে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা করেন।
